শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২-৩ বছরের মধ্যে স্মার্ট ক্যাম্পাস হিসেবে নিশ্চিত করা হবে : ইউজিসি চেয়ারম্যান

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৯:৫২ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ১৯:৫২

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, ‘আমাদের অনেকগুলো প্রচেষ্টার মধ্যে একটি হলো বিশ্ববিদ্যালয়গুলোকে ডিজিটালে রূপান্তরিত করা। আমাদের বড় একটি পরিকল্পনা হল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে স্মার্ট ক্যাম্পাস হিসেবে নিশ্চিত করা। যেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হাই স্পিড ইন্টারনেট, ওয়াইফাই সিস্টেম ও স্মার্ট ক্লাসরুম থাকবে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ নবীনবরণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটি।


তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষির উন্নতি, দেশের উন্নতিতে সবচাইতে বেশি বুদ্ধিবৃত্তিক, গবেষণালব্ধ সহযোগিতা যে প্রতিষ্ঠান করেছে সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তোমরা সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তোমরা এই দেশের কৃষির ঐতিহ্যকে ধারণ ও বহন করবে এবং এই ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাবে।’

ছাত্র-শিক্ষার্থীদের সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে সম্পর্ক থাকবে অসাধারণ। যদি ছাত্র ও শিক্ষকের মাঝে সুসম্পর্ক না থাকে কোনোভাবেই একটি প্রতিষ্ঠান এগিয়ে নেয়া সম্ভব না।’

নবীনবরণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো: শহীদুল হকের সভাপতিত্বে ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো: বাহানুর রহমান, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো: রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল আলীম ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে নবীনদের উদ্দেশে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। এ সময় নবীনদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। এরপরে নবাগতদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের সূচনা থেকে বর্তমান সময়ের বিভিন্ন সাফল্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সকল শাখার পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নবীনদের পরিচয় করিয়ে দেয়া হয়। পরে প্রক্টর বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা নিয়ে তাদেরকে দিকনির্দেশনা দেন। এ সময় প্রভোস্ট পরিষদের আহ্বায়ক বিভিন্ন হলের প্রভোস্টদের পরিচয় করিয়ে দেন এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক সকল অনুষদের ডিন ও বিভাগের সাথে নবীনদের পরিচয় করিয়ে দেন।

পরিচয় পর্ব শেষে নবীনদের উদ্দেশে প্রধান পৃষ্ঠপোষক ও ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আমাদের গ্র্যাজুয়েটরা পুরো বিশ্বে দাপটের সাথে সব সেক্টরে কাজ করে যাচ্ছে। তোমাদেরও দক্ষ ও জ্ঞানসম্পন্ন গ্র্যাজুয়েট হিসেবে বাকৃবি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মান অক্ষুণ্ন রাখতে হবে। শুধু প্রিন্ট করা শিট বা বিভিন্ন এআই টুলসের ওপর নির্ভরশীল না হয়ে পাঠ্যপুস্তক নির্ভর হতে হবে। দেশের কৃষি ও কৃষকদের ভরসাস্থল হতে হবে এবং তাদের পাশে থাকতে হবে।’

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর