সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বাকৃবিতে রোটারেক্ট ক্লাব অব এগ্রি-ভার্সিটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৫ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রোটারেক্ট ক্লাব অব এগ্রি-ভার্সিটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে বিকেল ৫টায় ক্লাবের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. পারভেজ আনোয়ার, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম মমিনুল ইসলাম, মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. গোলজার হোসেন, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. নাহিদ সাত্তার, কীটতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, খামার বাড়ির উপপরিচালক খালেদা পারভিনসহ রোটারেক্ট ক্লাবের সকল সদস্যবৃন্দ।
 
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ফিন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর রোটা. সানজিদা আক্তার অনন্যা। অনুষ্ঠানে অতিথিরা ক্লাবের সঙ্গে নিজেদের স্মৃতিচারণ করেন এবং রোটারেক্ট ক্লাবে তাঁদের পথচলার অভিজ্ঞতা তুলে ধরেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথি ও সদস্যরা একসঙ্গে কেক কাটেন।
 
অনুষ্ঠানে রোটারেক্ট ক্লাব অব এগ্রি-ভার্সিটির সভাপতি রোটা. সানজিদা আক্তার অনন্ত বলেন, ‘সবাইকে নিয়ে এ আয়োজন করতে পারা আমার জন্য গর্ব ও সম্মানের বিষয়। ৪৭ বছরের এই ঐতিহ্যের পেছনে অগণিত রোটারিয়ানের শ্রম, সময় ও ভালোবাসা রয়েছে। এই ঐতিহ্য ধরে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বর্তমান সদস্যদের।’
তিনি আরও বলেন, ‘আমরা সংখ্যার চেয়ে গুণগত মানে বিশ্বাস করি। একজন সবকিছু শিখে ক্লাবে আসবেন, এমন নয়। ক্লাবই তাকে নিজের দক্ষতা প্রকাশ ও নিজেকে গড়ে তোলার সুযোগ দেবে। প্রত্যেক সদস্যের উচিত সেই সুযোগ কাজে লাগানো।’
 
 

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর