শনিবার, ২৫ জুলাই ২০২৬

বিশ্ববিদ্যালয়ের খামারসমূহের সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ছবি। কৃষি বার্তা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ১৬:২৮ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ | ১৬:২৮

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় শিক্ষার্থীরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খামারগুলোর উৎপাদনশীলতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সের সভাকক্ষে শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের খামারসমূহের সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা গেলে একটি মেধাভিত্তিক জাতি গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে বর্তমান প্রশাসন সবার সহযোগিতায় আন্তরিকভাবে কাজ করছে এবং এ উদ্যোগ সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে এবং অধ্যাপক ড. জাভিদুল হক ভূঞার সঞ্চালনায় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

কর্মশালায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৮৬ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীর সাক্ষাৎকারের ভিত্তিতে তাদের খাদ্যাভ্যাস ও পুষ্টিগত অবস্থা বিশ্লেষণ করে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর