সোমবার, ০৬ জুলাই ২০২৬

গাকৃবির ‘কার্বোডিট’ দলের গন্তব্য এবার শ্রীলঙ্কা

ছবি। কৃষি বার্তা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আতিয়া ঐশী

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ২০:২২ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ২০:২২

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ‘কার্বোডিট’ দল। উদ্ভাবনী ধারণা ও দক্ষ উপস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক গ্রামীণ উন্নয়ন উদ্ভাবন চ্যালেঞ্জ-২০২৬ (সিআইআরইইডিএস)-এ বাংলাদেশের আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি।

প্রতিযোগিতায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে সেরা পাঁচটি উদ্ভাবনী ধারণার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে কার্বোডিট। এই অর্জনের ফলে দলটি আগামী আন্তর্জাতিক পর্বে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, এ সাফল্য শুধু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নয়, দেশের উচ্চশিক্ষা ও উদ্ভাবনী গবেষণার জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কার্বোডিট দল।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক পর্বেও তারা সফল হয়ে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক গ্রামীণ উন্নয়ন উদ্ভাবন চ্যালেঞ্জ (সিআইআরইইডিএস) বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকদের জন্য একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা, যেখানে টেকসই গ্রামীণ উন্নয়ন ও বাস্তবসম্মত উদ্ভাবনী সমাধান উপস্থাপনের মাধ্যমে সেরা দলগুলোকে নির্বাচন করা হয়।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর