বুধবার, ২৭ মে ২০২৬

বাকৃবিতে বিনামূল্যে কোরবানির পশুর স্বাস্থ্যসেবায় বিশেষ ভেটেরিনারি মেডিকেল টিম

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ২০:০৬ | আপডেট: ২৬ মে ২০২৬ | ২০:০৬

 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ পশু নির্বাচন এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  বিশেষ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল (ভিটিএইচ)-এর উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে কোরবানির পশুর জন্য বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শসেবা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনিষ্টিটিউটের ( জিটিআই) মাঠে অবস্থিত অস্থায়ী কোরবানির পশুর হাটে  স্থাপিত বিশেষ এই মেডিকেল বুথে মঙ্গলবার (২৬ মে) থেকে কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৭ মে এবং ঈদের দিন সকাল পর্যন্ত  এ সেবা চালু থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

ভিটিএইচ পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলমের তত্ত্বাবধানে এবং ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের অনুমতিক্রমে ৮ সদস্যের একটি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম এ কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পূর্বাশা ক্লাব’।

মেডিকেল টিম সূত্রে জানা গেছে, বুথ থেকে দেশি গরুর জাত শনাক্তকরণ, পশুর সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, জ্বর বা সংক্রামক রোগের লক্ষণ নির্ণয়, শরীরে আঘাত বা ক্ষত থাকলে তাৎক্ষণিক ড্রেসিং এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া গুরুতর বা জরুরি অবস্থায় উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ পশু চিকিৎসকেরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন।

ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মাহমুদুল আলম বলেন, “কোরবানির পশুর সুস্থতা নিশ্চিত করা এবং মানুষ যেন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পশু নির্বাচন করতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। সচেতনতা তৈরির পাশাপাশি আমরা সরাসরি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমাদের ৮ সদস্যের বিশেষজ্ঞ টিম ঈদের দিন সকাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। যেকোনো জরুরি প্রয়োজনে খামারি ও সাধারণ মানুষ যেন দ্রুত চিকিৎসাসেবা পান, সে বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি।”

বিশ্ববিদ্যালয় চত্বরে চালু হওয়া এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় খামারি ও ক্রেতারা। তারা জানান, অনেক সময় হাট থেকে পশু কেনার পর পশুর প্রকৃত স্বাস্থ্যগত অবস্থা নিয়ে সন্দেহ থেকে যায়। অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের মাধ্যমে সরাসরি পরীক্ষা করাতে পারায় তারা এখন অনেকটাই নিশ্চিন্ত বোধ করছেন।

স্থানীয় এক খামারি বলেন, “এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজনীয়। অনেকেই পশুর রোগ সম্পর্কে বুঝতে পারেন না। এখানে এসে সহজেই পরামর্শ ও চিকিৎসা পাওয়া যাচ্ছে।”

আরেক ক্রেতা জানান, “কোরবানির আগে পশু সুস্থ কি না, সেটা নিয়ে চিন্তা থাকে। বাকৃবির এই মেডিকেল বুথ থাকায় এখন পশু পরীক্ষা করিয়ে নিশ্চিন্তে বাড়ি নেওয়া যাচ্ছে।”

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর