বাকৃবিতে 'থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস এন্ড স্ক্রিনিং ক্যাম্পেইন' অনুষ্ঠিত
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৫:৫৮ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১৫:৫৮
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের সহযোগিতায় এবং বায়োটেড এর উদ্যোগে থ্যালাসেমিয়া রোগের গণসচেতনতা বৃদ্ধি ও স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) রোভার স্কাউটের অফিস কক্ষে এ সচেতনতামূলক কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বাকৃবি রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক ড. মো: জহিরুল আলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং বায়োটেড এর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ সওগাতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, আজকের দিন বাংলাদেশের তরুণদের সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। এতে স্কাউটদের দীক্ষা অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটস ওন অনুষ্ঠানের মাধ্যমে শুধু ব্যক্তিগত উন্নয়নই নয়, সমাজ ও দেশের উন্নয়নেও অবদান রাখে। আগামী দিনগুলোতে রোভার স্কাউটের সাথে সম্পৃক্ত থেকে তারা আরও বেশি দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশা রাখি।
ড. মো জহিরুল আলম বলেন, সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা ১১ শতাংশেরও বেশি। প্রতিবছর কত সংখ্যক শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্ম নেয় তার সঠিক সংখ্যাটি অজানা। এর মূল কারণ হলো থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে আমরা উদাসীন এবং সচেতনতার অভাব। এরকম পরিস্থিতিতে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান বেস কেয়ার ফাউন্ডেশন ইউকের অর্থায়নে এবং জেনেক্স হেলথের প্রযুক্তিগত সহায়তায় দেশ ও ব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে থ্যালাসেমিয়া সচেতনতা এবং ফ্রি স্ক্রীনিং নিয়ে কাজ করছে স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান বায়োটেড। প্রায় এক বছরের বেশি সময় ধরে প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয় এ কর্মসূচি পরিচালনা করেছে তারা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল "থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস এন্ড স্ক্রিনিং ক্যাম্পেইন"
