বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবসের সেমিনার

ছবি। কৃষি বার্তা

নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:৩৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:৩৫

বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উপলক্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-তে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “পশুচিকিৎসক: খাদ্য ও স্বাস্থ্যের তত্ত্বাবধায়ক” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ এ সেমিনারের আয়োজন করে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার ড. এম. জাহাঙ্গীর কবির এবং দিনাজপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিউল হক এবং ঢাকাস্থ কম্প্যানিয়ন কেয়ার ক্লিনিকের পেট এনিমেল প্র্যাকটিশনার ডা. মো. আনিসুর রহমান। এতে ভেটেরিনারি সেবার বর্তমান চ্যালেঞ্জ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং জনস্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডিন ড. রকিবুল ইসলাম। সঞ্চালনা করেন মেডিসিন সার্জারি এন্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রভাষক ডা. মো. আসাদুজ্জামান নূর এবং ডেইরি এন্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের প্রভাষক শাহিনা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এম. এনামউল্যা বলেন, খাদ্য নিরাপত্তা ও নিরাপদ স্বাস্থ্যের জন্য ভেটেরিনারিয়ানদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের শারীরিক গঠন ও বৃদ্ধিতে আমিষের যোগান নিশ্চিত করতে তাদের ভূমিকা অপরিহার্য। আধুনিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে স্বল্পমূল্যে আমিষের চাহিদা পূরণ সম্ভব হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভেটেরিনারিয়ানদের সক্রিয় অংশগ্রহণে ডেইরি ও পোল্ট্রি খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং বেকারত্ব দূরীকরণেও এ খাতের ভূমিকা উল্লেখযোগ্য। এই খাতের উন্নয়নে গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে কৃষিভিত্তিক অর্থনীতিতে ভেটেরিনারি সেক্টরের গুরুত্ব তুলে ধরেন এবং খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চিতকরণ ও প্রাণিসম্পদের রোগ নির্ণয় ও চিকিৎসায় সংশ্লিষ্টদের নিরলস অবদানের প্রশংসা করেন।

সেমিনারে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ ধরনের একাডেমিক আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর