আইইউবিএটিতে গবেষকদের সম্মাননা
ছবি। কৃষি বার্তা
নিউজ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৯:৩৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:৩৩
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে মিয়ান পাবলিকেশন রিওয়ার্ড-২০২৬। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে গবেষণা প্রকাশনায় অবদানের জন্য শিক্ষক ও গবেষকদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. সজল সাহা। আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক-গবেষকরা উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে ১৭৬ জন গবেষককে মোট ৬৯০টি গবেষণাপত্র প্রকাশনার জন্য স্বীকৃতি দেওয়া হয়। প্রকাশিত গবেষণাগুলোর মধ্যে ২৫৭টি আইএসআই ইনডেক্সড, ১৯২টি স্কোপাস ইনডেক্সড, ২০৯টি স্কোপাস কনফারেন্স ও বুক চ্যাপ্টার, ৫টি স্কোপাস বই এবং ২৭টি রিভিউ আর্টিকেল অন্তর্ভুক্ত রয়েছে।
গবেষণায় উৎসাহ জোগাতে আয়োজকদের পক্ষ থেকে নির্বাচিত গবেষকদের আর্থিক সম্মাননাও প্রদান করা হয়।
বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অবস্থানকে আরও শক্তিশালী করে। এ ধরনের সম্মাননা গবেষকদের নতুন উদ্যমে গবেষণায় সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
