সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বাকৃবিতে স্নাতক ১ম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ২৩:০৩ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ২৩:০৩

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক ১ম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকাল দশটা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সরাসরি উপস্থিত হয়ে এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। চার দিনব্যাপী এ ভর্তি কার্যক্রম আগামী ২৯ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

ভর্তি কার্যক্রম চলাকালীন সরেজমিনে সংশ্লিষ্ট স্থানগুলো ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন আমতলায় রিপোর্টিংয়ের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করছেন। এরপর তারা ব্লাড গ্রুপিং করে হেলথ কেয়ার সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করছেন। পরে সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউটের কার্যালয়ে স্ব স্ব অনুষদের ডিন এবং পরিচালকবৃন্দ মূল কাগজপত্র যাচাই করছেন এবং ভর্তি ফরমে স্বাক্ষর প্রদান করছেন।

পরবর্তীতে তারা সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে শিক্ষা বিষয়ক শাখা, কোষাধ্যক্ষ শাখা ও পূবালী ব্যাংকের আর্থিক কার্যক্রম সম্পন্ন করছেন। সবশেষে, কৃষি অনুষদের ডীন কার্যালয়ে নিজ নিজ হলের আসন বরাদ্দ নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করছেন।

বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এবছর মোট আসন সংখ্যা ১হাজার ৬ টি। আজ ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন ৪শত ৪৬ জন। এর মধ্যে ছেলে ২শত ৩৯ জন এবং মেয়ে ২শত ৭ জন।
 
শেরপুর থেকে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমি শেরপুর থেকে এসেছি। আমার সাথে আমার বাবা এসেছেন। বিশ্ববিদ্যালয় যতটুকু দেখেছি, ক্যাম্পাসটা অনেক ভাল লেগেছে। বিশেষ করে নির্বিঘ্নে ভর্তি সম্পন্ন করতে পারছি এই বিষয়টা খুবই ভালো লাগছে। কোন কাজের পরে কোন কাজ করব সেটার সঠিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, ভর্তির জন্য ১৮ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে বাকৃবির ওয়েবসাইটে নির্ধারিত লিংকে পিন ও রোল নম্বর দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য, স্বাক্ষর ও ছবি আপলোড করতে হবে। এরপর এডমিশন, রেজিস্ট্রেশন, মেডিকেল ফরম, সার্টিফিকেট চেকলিস্ট ও পে-স্লিপ ডাউনলোড করে প্রিন্ট নিয়ে ভর্তির দিন পূরণ করে জমা দিতে হবে। ভর্তি ও আনুষঙ্গিক ফি ৬ হাজার ২১৪ টাকা নির্ধারিত, তবে যারা আগে ১০ হাজার টাকা দিয়েছেন তাদের আলাদা করে টাকা দিতে হবে না। অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের পূবালী ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।



আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর