রবিবার, ২২ মার্চ ২০২৬

ক্যাম্পাসে থাকা বিসিএস পরীক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি বাকৃবি ছাত্রদলের

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | ২৩:০৯ | আপডেট: ২১ মার্চ ২০২৬ | ২৩:০৯



​ঈদের ছুটিতে যখন সবাই নাড়ির টানে বাড়ি ফিরছেন, তখন বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলে রয়ে গেছেন অনেক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী। পরিবার পরিজন ছেড়ে ক্যাম্পাসে ঈদ কাটানো এসব শিক্ষার্থীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

​শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বিসিএস প্রত্যাশী ও বিদেশি শিক্ষার্থীদের নিয়ে এই ঈদ পুনর্মিলনী ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উৎসবে শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​আয়োজকরা জানান, সামনে বিসিএস লিখিত পরীক্ষা থাকায় অনেক শিক্ষার্থী এবার বাড়ি যেতে পারেননি। হলের নীরব পরিবেশে ঈদ কাটানো এসব শিক্ষার্থীর একঘেয়েমি কাটাতে এবং ঈদের আমেজ পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন এবং পারস্পরিক কুশল বিনিময়ের ব্যবস্থা রাখা হয়।

​আয়োজন নিয়ে বাকৃবি ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম বলেন, "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এবং তাদের ভালোবাসা নিয়ে চলতে চায়। জীবনের প্রয়োজনে ঈদেও পরিবার থেকে দূরে ঈদ করতে হচ্ছে অনেকের। তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন অনুভব করে যে ক্যাম্পাসও তাদের একটি পরিবার।"

​অনুষ্ঠানে অংশ নেওয়া এক বিসিএস পরীক্ষার্থী বলেন, "পরীক্ষার চাপের কারণে এবার বাড়ি যাওয়া হয়নি। মা-বাবার জন্য খুব মন খারাপ লাগছিল। কিন্তু ক্যাম্পাসে সবার সাথে মিলেমিশে এমন আয়োজন আমাদের সেই শূন্যতা কিছুটা হলেও ভুলিয়ে দিয়েছে।"

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর