শনিবার, ০৭ মার্চ ২০২৬

ঈদকে সামনে রেখে বাকৃবিতে মেহেদী উৎসব ‘বাউ হেনা ফেস্ট ২০২৬

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ২০:১৩ | আপডেট: ০৬ মার্চ ২০২৬ | ২০:১৩

মেহেদীর রঙে উৎসবের আমেজ ছড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজন করা হয়েছে মেহেদী উৎসব 'বাউ হেনা ফেস্ট ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের তারুণ্যদীপ্ত ছাত্রীদের আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো: আতিকুর রহমানের পৃষ্ঠপোষকতায় এই মেহেদী উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাডে দুপুর আড়াইটা থেকে রাত ৯ টা পর্যন্ত এই আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, উৎসবে আগতদের সবাইকে গোলাপ ফুল দিয়ে স্বাগত জানানো হয়। অংশগ্রহণকারীদের জন্য কুপন ব্যবস্থার মাধ্যমে লটারির আয়োজন করা হয়, যেখানে ভাগ্যবান ১০ জনকে পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হয়। এছাড়াও সন্ধ্যার পর অংশগ্রহণকারীদের জন্য বিশেষ ফুচকা পরিবেশনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেহেদী দিতে আসা এক শিক্ষার্থী বলেন, "মেহেদী দিতে এসে আমার খুবই ভালো লাগছে, বিশ্ববিদ্যালয়ে কিছুদিনই হলো পা রেখেছি, এসেই এধরণের আয়োজন পেয়ে অনেক ভাগ্যবান মনে করছি নিজেকে।"

বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনিকা তাবাসসুম খান বলেন, "মেয়েদেরকে উদ্দেশ্য করেই আমরা মূলত আজকে মেহেদী উৎসবটা করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এর চেয়ে আরও বড় পরিসরে আমরা মেহেদী উৎসবটা করতে চাচ্ছি বা আমাদের পরিকল্পনা আছে এর পরবর্তীতে এমন আয়োজন আরও বড় করে করার।"

এই আয়োজন নিয়ে বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, "শিক্ষার্থীদের জন্য সবসময়ই পড়াশোনার চাপে না থেকে একটু আনন্দের ছোঁয়া দিতেই এই আয়োজন। 


ঈদের উৎসবের আমেজকে সামনে রেখে মেহেদীর রঙে রাঙিয়ে নিচ্ছে শিক্ষার্থীরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি পরিবার। একটি পরিবার থেকে যখন তারা আরেকটি পরিবারে (বাসায়) যেতে চায়, তখন এই পরিবারের একটি ছোঁয়া তারা অন্য পরিবারে নিয়ে যেতে চায়। আমার মনে হয় এই উদ্দেশ্যকে নিয়েই হলের নারী শিক্ষার্থীরা এই আয়োজন করেছে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের পাশে এবং নারী শিক্ষার্থী-বান্ধব রাজনীতি করে। যখন তারা সবসময়ই আমাদের কাছে কোনো ইতিবাচক দিক নিয়ে আসে, আমরা সবসময়ই তাদের সাথে থাকার চেষ্টা করি।"

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর