রবিবার, ২২ মার্চ ২০২৬

বাকৃবির হিসাব শাখায় অটোমেশন সিস্টেম চালু

ফাইল ফটো

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৩২ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হিসাব শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও গতি আনতে নতুন সফটওয়্যার চালুর মাধ্যমে অটোমেশন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 

তিনি আশা প্রকাশ করেন, এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বিল প্রক্রিয়াকরণ আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে এবং পেনশনারসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার সম্মেলন কক্ষে ‘বিএইউ পে রোল প্রোগ্রাম–২০২৬’ নামের সফটওয়্যারটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিট বাইট ল্যাব কর্তৃক প্রণীত ও সরবরাহ করা এই সফটওয়্যারটির মাধ্যমে হিসাব শাখার বিল সংক্রান্ত বিভিন্ন গ্রুপের কার্যক্রম ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী এবং অধ্যাপক ড. মো. রাকিব হাসান। সভায় সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. হুমায়ুন কবির।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ম্যানুয়াল প্রক্রিয়ায় পরিচালিত বিভিন্ন আর্থিক কার্যক্রমে সময়ক্ষেপণ ও জটিলতা ছিল। নতুন এই পে-রোল সফটওয়্যার চালুর ফলে বিল প্রস্তুত, যাচাই ও অনুমোদন প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়তা আসবে, যা কাজের গতি বাড়ানোর পাশাপাশি জবাবদিহিও নিশ্চিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হিসাব শাখার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর