বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সিকৃবিতে ফিসারিজ কার্নিভালের জমকালো আয়োজন

ছবি। কৃষি বার্তা

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৯:৪৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:৩৩

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)-এর মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফিসারিজ কার্নিভাল ২০২৬’। সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী এ কর্মসূচি শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি ও জীবিকায় মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয়, তেলাপিয়ায় চতুর্থ এবং অ্যাকুয়াকালচারে পঞ্চম অবস্থানে রয়েছে। তবে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মত দেন।

মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের বিশেষজ্ঞ ডেনিস গো-ফেইজ।

কার্নিভাল উপলক্ষে একটি বর্ণিল র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়। র‍্যালিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আলোচনা সভায় সিলেট অঞ্চলের মৎস্য সম্পদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে উপস্থাপনা করেন অধ্যাপক ড. মোঃ সাখাওয়াত হোসেন। এছাড়া ‘অ্যাকুয়াপ্রেনারশিপ’ বিষয়ক সেশন পরিচালনা করেন উদ্যোক্তা মোঃ নাজমুস সাকিব।

দিনব্যাপী এই আয়োজনের সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা পুরো কার্নিভালকে উৎসবমুখর করে তোলে।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর