মৌলভীবাজারে তিন দিনব্যাপী আধুনিক নির্ভর কৃষি প্রযুক্তি মেলা
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
রাজন হোসেন তৌফিক,মৌলভীবাজার
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১০:৩৪ | আপডেট: ২৭ জুন ২০২৬ | ১০:৩৫
মৌলভীবাজারে তিন দিনব্যাপী আধুনিক নির্ভর কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলায় কৃষকদের নতুন উদ্ভাবন গ্রহণের আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার(২৫ জুন) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মাঠে দিনভর বৃষ্টির মধ্যেই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। আয়োজনে ছিল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় বস্তা পদ্ধতিতে আদা চাষ, ছাদ কৃষি, ভাসমান বেড, মালচিং পেপার, মাশরুম ও মধু উৎপাদনসহ আধুনিক কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। বস্তায় আদা চাষ ও ছাদ কৃষির স্টল দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে।
জেলা কৃষি কর্মকর্তা বলেন, আমরা মূলত মাঠের বিভিন্ন আধুনিক পদ্ধতি কৃষকদের দেখানোর চেষ্টা করছি। কৃষকরা এখন সনাতন পদ্ধতি থেকে সরে এসে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে আগ্রহী হচ্ছেন।
পরে উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
কৃষকদের উৎপাদন বাড়াতে ও আধুনিক কৃষির সঙ্গে যুক্ত করতে এ ধরনের মেলা ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
