সোমবার, ২৭ জুলাই ২০২৬

সিভাসুতে চালু হলো ভেটেরিনারি ফার্মেসি

ছবি। কৃষি বার্তা

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ১৯:২২ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ | ১৯:৩২

প্রাণিসম্পদ খাতে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। শিক্ষা, গবেষণা এবং প্রাণীর রোগ নির্ণয় ও চিকিৎসাসেবাকে আরও কার্যকর করতে বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘ভেটেরিনারি ফার্মেসি’।

এখন থেকে খামারি, পোষা প্রাণীর মালিক এবং সাধারণ মানুষ প্রাণীর প্রয়োজনীয় ওষুধ, ভ্যাকসিন ও চিকিৎসা-সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জাম সিভাসুর এই ফার্মেসি থেকে সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের এস. এ. কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতাল এবং মেডিসিন ও সার্জারি বিভাগ-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই ফার্মেসির উদ্বোধন করা হয় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় হাসপাতালের নিচতলায়।ফার্মেসিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সিভাসুর লক্ষ্য শুধু শ্রেণিকক্ষে পাঠদান নয়; বরং গবেষণা, প্রাণীস্বাস্থ্যসেবা এবং সমাজের জন্য কার্যকর সেবা নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন,“এই ফার্মেসির মাধ্যমে হাসপাতালে আসা প্রাণীদের জন্য সঠিক ও মানসম্মত ওষুধ নিশ্চিত করা সম্ভব হবে। এটি বিশ্ববিদ্যালয়ের সেবামূলক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিভাসুর ভেটেরিনারি ক্লিনিক্সের পরিচালক প্রফেসর ড. আজিজুন্নেছা বলেন, এই ফার্মেসি শুধু ওষুধ বিক্রির কেন্দ্র হিসেবে কাজ করবে না, বরং ভেটেরিনারি শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন,“শিক্ষার্থীরা এখানে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। এর মাধ্যমে ভবিষ্যতের ভেটেরিনারি চিকিৎসকেরা আরও দক্ষ, পেশাদার এবং বাস্তবমুখী হয়ে গড়ে উঠবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক এবং চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সাবেক পরিচালক ডা. ফরহাদ হোসেন।

এছাড়া সম্মানিত অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন এসিআই এনিম্যাল হেলথ-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. মো. আমজাদ হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ড. মনোয়ার সাঈদ পল্লব।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ভেটেরিনারি ফার্মেসি চালুর ফলে একদিকে যেমন প্রাণীর জন্য নির্ভরযোগ্য ও মানসম্মত ওষুধ সহজলভ্য হবে, অন্যদিকে খামারিরা প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী এক জায়গা থেকেই সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে শিক্ষা, গবেষণা ও ব্যবহারিক প্রশিক্ষণের সমন্বয়ে প্রাণিসম্পদ খাতে সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর