মৎস্য গবেষণায় অবদানে জাতীয় মৎস্যপদক পেলেন বাকৃবি অধ্যাপক
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৯:০৭ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ০৯:০৭
মাছের শুক্রাণু সংরক্ষণ ও জিন ব্যাংক স্থাপনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় মৎস্যপদক পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার। মৎস্য সম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটেগরিতে তিনি এ পদকে ভূষিত হন।
গত ১৬ আগস্ট জাতীয় মৎস্যপক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়।
অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার বলেন, ২০০২ সাল থেকে দীর্ঘ ২৪ বছর ধরে আমি বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে কাজ করে যাচ্ছি। এর মধ্যে রয়েছে আমাদের দেশীয় ও বিদেশী কার্প, সিলভার কার্প, ব্রিগেড, গ্রাস কার্প ছাড়াও শিং, মাগুর, কৈ, পাবদা ও গুলশার মতো গুরুত্বপূর্ণ মাছ।
তিনি আরও বলেন, ইতোমধ্যে দুটি জিন ব্যাংক স্থাপন করা হয়েছে। একটি ঝিনাইদহের কোটচাঁদপুর হ্যাচারিতে এবং অন্যটি সিরাজগঞ্জের নিমগাছি ফিশ হ্যাচারিতে। এখান থেকে মানসম্মত ব্রুড উৎপাদন ও ব্রুড স্টক উন্নয়নের কাজ পরিচালিত হচ্ছে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, এই স্বীকৃতি ও পুরস্কার প্রাপ্তিতে আমি অত্যন্ত আনন্দিত। আমি মনে করি, আমার বিশ্ববিদ্যালয় এবং আমার বিভাগও এই গৌরবের সমান অংশীদার। বিশ্ববিদ্যালয় আমাকে গবেষণার সুযোগ, ল্যাব সুবিধা ও প্রয়োজনীয় প্রজেক্ট না দিলে আমার পক্ষে এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না। তাই আমার এই সম্মাননা আমি আমার প্রিয় বিশ্ববিদ্যালয়কে উৎসর্গ করছি।
