বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বাকৃবিতে বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১৯:১৬ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ১৯:১৬

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছিলেন।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বাকৃবির গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে এই বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে এবং জিটিআইয়ের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোহাম্মদ হেলাল উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির। 

২৫ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কর্মদক্ষতা বিবেচনায় দলগত ও ব্যক্তিগত পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়। এতে দলগত পর্যায়ে চ্যাম্পিয়ন হন ৫ জন, রানার্সআপ ৫ জন। ব্যাক্তিগত পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেন ২ জন, দ্বিতীয় স্থান অর্জন করেন ২ জন এবং প্রথম স্থান অধিকার করেন ১ জন। এছাড়াও অংশগ্রহনকারী প্রশিক্ষণার্থী সবাইকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।


সমাপনী বক্তব্যে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আপনারা নিজ নিজ কর্মক্ষেত্রে কাজে লাগাবেন। আমরা বিশ্বাস করি কর্মে, কাজে, সেবায় ও সততায়। এই মূল্যবোধগুলো যদি আপনারা বহন করেন এবং কর্মক্ষেত্রে প্রয়োগ করেন, সেটিই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর