কে.বি. হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১২:৫২ | আপডেট: ১০ জুলাই ২০২৬ | ১২:৫২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল (কে.বি. হাই স্কুল) এর ছাত্র-ছাত্রীদের মাঝে বৃহস্পতিবার (০৯জুলাই) বিকাল ৪ টায় স্কুল প্রাঙ্গণে চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন বাকৃবি'র উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান এবং প্রোক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
কে.বি. হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো:হেলাল উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিশেষ অতিথিবৃন্দ বৃক্ষ রোপণের সুফল ও প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া গাছের চারা রোপণ করেন এবং কেবি হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন ধরণের ফলজ গাছের চারা বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে টার্গেট নিয়েছেন, সেটার অংশ হিসেবেই কেবি হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আমাদের, এই দেশটিকে সবুজ করে গড়ে তোলা, আমাদের জন্য বসবাসযোগ্য করে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কিছু করে যাওয়ার অংশ হচ্ছে এই বৃক্ষ রোপণ।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
