শুক্রবার, ১০ জুলাই ২০২৬

১০ বিদেশি শিক্ষার্থীসহ ৪৫ নবীনকে বরণ করে নিল বাকৃবির কৃষিকন্যা হল

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৮:৩০ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ১৮:৩০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিকন্যা হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) রাত ৮টায় হলের ডাইনিং হলরুমে ওই নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

হল প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. গোলজারুল আজিজসহ হলের হাউজ টিউটর, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীবৃন্দ।

এবছর হলে ১০জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৪৫জন শিক্ষার্থীদের আসন বরাদ্দ করা হয়েছে। অনুষ্ঠানে ১৬ জন কৃতি শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করে হল কর্তৃপক্ষ। ফুল দিয়ে হলের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয় অতিথিবৃন্দ ও হল প্রশাসন। 

নেপাল থেকে আগত ভেটেরিনারি অনুষদের নবীন শিক্ষার্থী রাধিকা তার অনুভূতি প্রকাশে বলেন, 'আমি নেপাল থেকে এসেছি। মনে একটা ভয় কাজ করছিল নিজ দেশ থেকে এত দূরে এসে নতুন পরিবেশে মানাতে পারব কিনা। কিন্তু এ পর্যন্ত সকলে এত আন্তরিকতার সাথে আমাদের বরণ করে নিয়েছে তা দেখে আমি অভিভূত। আশা করি সামনের দিনগুলো এভাবে ভালোভাবে যাবে।'


অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. আলী রেজা ফারুক বলেন, 'তোমাদের নিজেকেই শিখতে হবে, শেখার অনেক উৎস তোমাদের আশপাশেই আছে। নিজেদের মধ্যে যত ভিন্নতাই থাকুক না কেন, অসহিষ্ণু না হয়ে আগে নিজেদের মধ্যে বিষয়গুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। শুধু বুদ্ধিমান বা শক্তিশালী মানুষই টিকে থাকে না, বরং পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবনে এগিয়ে যাওয়া যায়। তাই এখন থেকেই নিজের লক্ষ্য ঠিক করবে, তবেই জীবনে উন্নতির পথে এগোতে পারবে।'

কৃষিকন্যা হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, 'তোমাদের অবশ্যই এখানকার নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে। এই নিয়মানুবর্তিতা শুধু তোমাদের সুরক্ষার জন্যই নয়, বরং তোমাদের বাবা-মা যেন ঘরে বসে নিশ্চিন্ত থাকতে পারেন সেজন্যও জরুরি। মনে রাখবে, তোমরা প্রত্যেকেই এখানে নিজ নিজ এলাকার প্রতিনিধিত্ব করছ; তাই তোমাদের আচরণ ও চলাফেরায় সেই দায়িত্বশীলতার পরিচয় থাকতে হবে। আত্মসমালোচনা করতে শিখবে যেন প্রতিদিন নিজেকে আরও ভালো ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারো।'

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর