বুধবার, ০৮ জুলাই ২০২৬

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রীর প্রথম ব্যাচের নবীনবরণ

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৮:৩৫ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ০৮:৩৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিএসসি ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির (কম্বাইন্ড ডিগ্রি) প্রথম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্সে হলে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সদস্য অধ্যাপক ড. এ এস এম গোলাম হাফিজ, স্কুল অব ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির ডিন অধ্যাপক ড. মো বাহানুর রহমান, এনিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন অধ্যাপক ড. রকিবুল ইসলাম খান, বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।


বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সদস্য অধ্যাপক ড. এ এস এম গোলাম হাফিজ বলেন, প্রাণিসম্পদ সেক্টর দেশের গুরুত্বপূর্ণ একটি খাত, যা দেশের জিডিপিতে ২ শতাংশ অবদান রাখছে। আজকে যারা নবীন হিসেবে যাত্রা শুরু করছেন তাদেরকে বলবো আপনারা পড়াশোনা চালিয়ে যান এবং আপনাদের মেধা, যোগ্যতার বিকাশ ঘটিয়ে দেশের জন্য অবদান রাখবেন। আমি আশা করছি সেই লক্ষ্যে শিক্ষার্থীরা নিজেদের গড়ে তুলবে। এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ অত্যন্ত অনুকূল। এখানে পড়াশোনা করতে পারবে, প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পারবে।


এসময় স্কুল অব ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিমেল হাজবেন্ড্রির ডিন অধ্যাপক ড. মো বাহানুর রহমান বলেন, এই ডিগ্রির জন্য তোমাদের সিনিয়ররা অনেক আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যার সুফল তোমরা ভোগ করতে পারছো। আশা করি তাদের কথা তোমরা স্মরণে রাখবে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও সিনিয়রদের সম্মান করবে। একটি কথা মনে রাখবে যে যত বিনয়ী হবে, সে তত বড় হবে। একই সাথে পড়াশোনা ঠিকঠাক মতো চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর