বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

বাকৃবিতে আবাসিক হলের মান উন্নয়নে শিক্ষার্থীদের ব্যতিক্রমী মতবিনিময়

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ০০:০৮ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ | ০০:০৮

 

​আবাসিক হলের খাবারের মান উন্নয়ন, সুপেয় পানির নিশ্চয়তা এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘কেমন হল দেখতে চাই’ শীর্ষক এক ব্যতিক্রমী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের ব্যাডমিন্টন কোর্ট প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।

 

​মাওলানা ভাসানী হল শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই সভায় হলের সাধারণ শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং একটি আদর্শ শিক্ষার্থীবান্ধব হল গড়ার বিষয়ে দিকনির্দেশনা দেন। বিশেষ করে হলের ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি, নিরাপদ পানির সরবরাহ নিশ্চিতকরণ এবং আধুনিক লন্ড্রি সুবিধা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সচেতন হওয়া এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা।

 

​অনুষ্ঠানে মাওলানা ভাসানী হলের ১৪ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া আমন্ত্রিত শিক্ষকদের হাতে পরিবেশবান্ধব উপহার হিসেবে গাছের চারা তুলে দেয় হল শাখা ছাত্রদল।

 

​মাওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরীফ আর রাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভূঁঞা, বাকৃবি সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ এবং ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তোফাজ্জল হোসেন হাওলাদার।

 

​বক্তারা বলেন, আবাসিক হলগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। শিক্ষার্থীদের পক্ষ থেকে উঠে আসা এসব প্রস্তাবনা হলের সার্বিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে এমন গঠনমূলক আলোচনা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ইতিবাচক।

 

​অনুষ্ঠানে মাওলানা ভাসানী হল ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আয়োজন শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

© 2026 Krishi Barta
ফলো করুন কৃষি বার্তা - খবর